গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার ফলে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার মধ্যরাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি মনে করে, জুলাই গণহত্যার দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ।
এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর মহানগর, কেরানীগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি।
দলটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের এবং জুলাই গণহত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছে।






