বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেছেন, সংস্কার আর নির্বাচন মুখোমুখি করার কোনো দরকার নেই। এটি নদীর স্রোতের মতো প্রবহমান। এটি পরিবর্তিত পরিস্থিতিতে সব সময় মানুষ আপডেট করে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা।
কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ছয় শতাধিক নেতাকর্মী। আজ বিকেল সাড়ে ৪টায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।






