জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘র’-এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। তিনি বলেন, প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন।
গতকাল প্রথম আলোতে প্রকাশিত ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’ শিরোনামের প্রতিবেদনের তীব্র সমালোচনা করে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা লিখেছেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে— ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন।
থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না।
তিনি বলেন, থামার হলে আপনাদের মতোই ভারত বা ‘র’ এদের তাঁবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম, তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না, আপনাদের সঙ্গে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম।
হাসনাত আবদুল্লাহ আরো লিখেছেন, প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। ‘র’-এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না।
এসব তথ্য সন্ত্রাস দিয়ে থামানো যাবে না উল্লেখ করে হাসনাত লিখেছেন, যত দিন দেহে প্রাণ আছে, আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয়, হোক। আমাদের মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।






