রাজনীতি

নির্বাচন নিয়ে এতো টালবাহানা কেন, প্রশ্ন জয়নুল আবদিন ফারুকের

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হামলা-মামলা উপেক্ষা করে আমরা লড়াই করছি। যে দাবিতে লড়াই করতে গিয়ে আমরা ইলিয়াস আলীকে হারিয়েছে, চৌধুরী আলমকে হারিয়েছি সেটা হলো একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন?’

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে’ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আসলে সরকার চাচ্ছেটা কী? একজন গ্রহণযোগ্য ব্যক্তি (ড. ইউনূস) যার সুনাম সারা বিশ্বব্যাপী। তিনি আসলে চাচ্ছেন কী? মানুষের চাওয়া একটাই, সেটা হলো নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার কাজ করে যাবেন, আপনার কাছে আমাদের পাওয়ার বিষয়টা হলো একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। জনগণের মনের ভাষা আপনাকে বুঝতে হবে।

কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে বলেছেন, বৈঠকে আমরা সন্তুষ্ট নই?’

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, ‘আপনার (ড. ইউনূস) সরকারের প্রয়োজন নির্বাচন সুষ্ঠু করার সংস্কার। আপনার বিরুদ্ধে কথা বলতে চাই না, রাজপথে দাঁড়াতে চাই না। কার বিরুদ্ধে রাজপথে নামব, হাসিনা তো নাই। কিন্তু ১/১১-এর মতো পরিস্থিতি কেউ যদি আবার সৃষ্টি করতে চায়, প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপিকে আবার নিশ্চিহ্ন করতে যদি কেউ কোনো পরিকল্পনা করে, বাংলার মাটিতে সেটি কখনো সফল হবে না। হতে দেওয়া হবে না।’

এ সময় জামায়াতে ইসলামীর নেতাদের সমালোচনা করে জয়নুল আবদিন বলেন, ‘যারা আপনাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে, তাদেরকে ক্ষমা করার কথা আপনারা কী করে বলেন? তাদের হাতে গণতন্ত্র, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে, তারা বিরোধী দলের নেতাকর্মীদের আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে, তাদের তো ক্ষমা করার প্রয়োজন নেই।’

আয়োজক সংগঠনের সভাপতি এস এম শাহাদাত হোসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি (একাংশের) চেয়ারম্যান কারী আবু তাহের, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

নিউজ ডেস্ক:

Leave a Reply