রাজধানী ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।
সোমবার (১২ অক্টোবর) জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তার উত্তরার বাসার সামনে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে তাঁরা মিছিল নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে জি এম কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে জাতীয় পার্টির প্রেস উইং দাবি করেছে, একদল ব্যক্তি জি এম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে। তাদের সরবরাহ করা ভিডিও ফুটেজে বাসার জানালার কাচ ভাঙা এবং ইটপাটকেল নিক্ষেপের আলামত দেখা গেছে বলে জানানো হয়েছে।






