রাজনীতি

রাজারহাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি শহিদুল ইসলাম বেপারীর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মো. শহিদুল ইসলাম বেপারী। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার অংশ হিসেবে ‘মাদককে না বলুন, খেলার মাঠে চলে আসুন’—এমন আহ্বানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের মাঝে ফুটবল জার্সিসহ বিভিন্ন ধরনের অনুদান প্রদান করছেন শহিদুল ইসলাম বেপারী। তার দাবি, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

 

শহিদুল ইসলাম বেপারী বলেন, “জনগণকে দেখানোর জন্য আমি কোনো কাজ করছি না। বিগত কয়েক বছর ধরে জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

 

স্থানীয় রাজনীতিতে শহিদুল ইসলাম বেপারী এর আগে দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। জনসাধারণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সেগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

 

তবে আসন্ন নির্বাচনে প্রার্থিতা ও নির্বাচনী ফলাফল সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন কমিশনের তফসিল, প্রার্থীতা যাচাই-বাছাই এবং ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে।

Leave a Reply