রাজনীতি

বাংলাদেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষের কাছে হাদি একজন ‘আইডল’

জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ উসমান হাদিকে গুলি করা হয়েছে। হাদির ওপর বর্বরোচিত গুলি হামলা স্বাভাবিক ঘটনা নয়। স্বৈরাচার, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে হাদীর নিরলস অবস্থান তাকে দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষের কাছে ‘আইডল’ এ পরিণত করেছে বলে মন্তব্য করেন শহীদ কামারুজ্জামান পুত্র হাসান ইমাম ওয়াফি।

১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

শেরপুর-১ (সদর) আসনে এবি পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাসান ইমাম ওয়াফি বলেন, ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি খুনি হাসিনার ভিত নাড়ানো ও দেশ থেকে পালাতে বাধ্য করার জুলাই আন্দোলনের অন্যতম মুখ, দুর্নীতিবিরোধী সংগ্রামের এক দৃপ্ত কণ্ঠস্বর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আমার ভাই হাদির উপর হামলার সঙ্গে জড়িত সকল সশস্ত্র অপরাধীকে গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, আমার আব্বাকে ফ্যাসিস্ট হাসিনা তার সাজানো আদালতের মাধ্যমে বিচারিক হত্যা করেছে। আমার শহীদ বাবার জনপ্রিয়তাকে ভয় পেয়ে আওয়ামী লীগের দোসররা সাজানো অভিযোগ তুলে হত্যা করেছে। আর সেই খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করার নায়কদের আজ এমন গুলির মুখে পড়তে হবে, তা ভাবা যায় না। এই নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করি, নতুন বাংলাদেশে উগ্রতার কোনো স্থান নেই এবং থাকবে না। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, সেটি দ্রুত তদন্তের মাধ্যমে জাতির সামনে উন্মোচন করতে হবে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply