রাজনীতি

এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর পূর্বে নেতৃবৃন্দরা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি, এগুলো আমরা বরদাশত করবো না। এই চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না।

নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছেন। তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর। যাদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি ময়মনসিংহ বাসীকে সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করবো। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের লক্ষ লক্ষ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি এবং সেলফি বাজী করছেন তাদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে। প্রত্যেক ইউনিয়নে নিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা মানুষকে বুঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধ ভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ময়মনসিংহে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। প্রশাসনের লোকজন আহত এবং শহীদ পরিবারের কোন কথা শুনছেন না। তারা চাঁদাবাজ এবং তেলবাজদের নিয়ে ব্যস্ত। কোন আহত ভাই যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনার চেয়ার থাকবেন না। মনে রাখবেন আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলবো যারা শহীদ এবং আহত পরিবারের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রবিন প্রমূখ।

এ সময় জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply