কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত এস এম আলাউদ্দীন ভার্চ্যুয়াল শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো জন্য আদালতে আবেদন করেন।
আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি। কিন্তু ভার্চ্যুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয়। আদালত শুনানি শেষে আসামিকে শনাক্ত করতে বিভিন্ন প্রশ্ন করেন।
এর আগে গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময়কে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
উল্লেখ্য, বর্তমানে চিন্ময় কৃষ্ণ কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আছেন।






