জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেছেন, ‘আমরা এই দেশে আওয়ামী লীগকে আর ফেরত চাই না। আমরা শুনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলের মতামত লাগবে, আমি বলি না। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এই দেশের জনগণের। এই সিদ্ধান্ত জুলাইয়ের শহীদের মা বাবাদের, আহতদের। আমাদের পানির তৃষ্ণা এখনও মিটে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমাদের তৃষ্ণা মিটবে।’
আজ শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মীর স্নিগ্ধ।
সমাবেশে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করতে হবে। বিচার করতে হবে। তাদের আর এই দেশের জনগণ দেখতে চায় না। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না।’






