খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, সেদিক বিবেচনা করে সরকার ধান-চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চলতি মৌসুমে কিশোরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ দিন দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে হাওর উপজেলা মিঠামইনের খাদ্য গুদাম প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যসচিব।
এ সময় তিনি ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুর উপজেলার সঙ্গে ধান সংগ্রহ কার্যক্রমে অনলাইনে যুক্ত হন।
জানা যায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪% আর্দ্রতা গ্রহণযোগ্য। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলায় ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৮৯ মেট্রিকটন।






