জাতীয়

ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর ভরসা রাখতে না পারায় সিদ্ধান্ত পাল্টে আবারও আন্দোলনে ফিরেছেন কারিগরির শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের অস্থায়ী সেল সম্পাদক মো. সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। এর আগে মঙ্গলবার এক প্রেস রিলিজের মাধ্যমে আন্দোলন স্থতিগের ঘোষণা দেয় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলন সাময়িক স্থগিতের নির্দেশ সাধারণ শিক্ষার্থীদের সম্মতিক্রমে প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিশ্চিত করে জানানো হবে। এরই মধ্যে অনেক বিভাগীয় প্রতিনিধি ঢাকায় উপস্থিত হয়েছেন। বাকী বিভাগীয় প্রতিনিধিদের দ্রুত ঢাকায় উপস্থিত হওয়ার আহ্বান করা হলো।

উল্লেখ্য, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন মঙ্গলবার কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিতের অনুরোধ করেন। এর প্রেক্ষিত এদিন সন্ধ্যায় আন্দোলন স্থগিত করা হলেও ২৪ ঘণ্টার পূর্বে তা প্রত্যাহার করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply