জাতীয়

গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকট বাড়াবে

গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

আজ বুধবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকট বাড়াবে, অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে ও নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প-কারখানা স্থাপনে অনউৎসাহী করবে।

অপরদিকে উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। এ ছাড়া ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের জীবন-যাত্রার খরচ বাড়াবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হবে। 

বিবৃতিতে যুব নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। নেতৃবৃন্দ তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠিন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন এবং জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানান।

নিউজ ডেস্ক:

Leave a Reply