সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমীন শিলা। সন্তানদের নিয়ে কনটেন্ট তৈরির জন্য ব্যাপক আলোচিত তিনি। তবে এবার এলেন প্রশাসনের নজরে। তার দেড় বছর বয়সী কন্যাশিশু এবং ১২ বছর বয়সী ছেলেকে ভিডিও কনটেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।
শিশুদের মানসিক অত্যাচারের মাধ্যমে এসব কনটেন্ট তৈরির কারণ হিসেবে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে শারমীন শিলার কাছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি তিনি নানা ভিডিও তৈরি করে থাকেন। ফেসবুক ও টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন— যা শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে তার মেয়েকে প্রায়ই অস্বাভাবিক আচরণের মুখোমুখি হতে দেখা যায়। শারমীন শিলার মেয়ের বয়স দেড় বছর।
এ বিষয়ে ‘একাই একশো’ নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমানসহ আরও কয়েকজন ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমীন শিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ বা স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাভারের ইউএনও মো. আবু বকর সরকার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে অভিযুক্ত নারীর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হবে।
শিশু সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর পরিচালক আবদুল্লা আল মামুন বলেন, এসব ভিডিওতে স্পষ্টতই শিশুর সঙ্গে আচরণে নির্যাতনের উপাদান রয়েছে। যদিও এটা সরাসরি নির্যাতন হিসেবে প্রমাণ কঠিন, তবে নৈতিকভাবে এটি অনুচিত। শিশুর বিকাশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।






