রাজধানীতে বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে সচিবালয় অভিমুখে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের লিংক রোডের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৮ মার্চ থেকে গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড, টি এন জেড অ্যাপারেলসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতন, ঈদের বোনাস ও মাতৃত্বকালীন ছুটির টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিজয়নগরে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছেন। গতকাল সকালে শ্রমিকরা প্রথমে শ্রম ভবনের সামনে অবস্থান নেন। পরে শ্রমিক সংগঠনের ব্যানারে ৭০০ থেকে ৮০০ কর্মী সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সেখান থেকে মিছিল নিয়ে রওনা হন। দুপুর ১২টার দিকে মিছিলটি জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের মাঝখানের সড়কে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় অন্তত ১৫ শ্রমিক ও পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে আহত বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়সহ কয়েকজনকে আটক করে পুলিশ।






