সিলেটের বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে আবদুল মুকিত (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, মুকিত বিশ্বনাথ পৌর সদরের একটি সুপারশপে চাকরি করতেন। রামপাশা রোডে তার প্রবাসী বোনের ফ্ল্যাট রয়েছে। সেখানে কোনো ভাড়াটে ছিল না। এটি দেখাশোনা করতেন তিনি।
শনিবার (২২ মার্চ) রাতে তিনি বাড়ি না ফেরায় তার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সেহেরির সময় সিকিউরিটি গার্ড মারফত জানতে পারেন, ওই ফ্ল্যাটে বাতি জ্বলছে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। দরজা-লাগোয়া জানালার গ্লাস খোলা ছিল এবং সেই জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে একটি কক্ষের মশারির স্ট্যান্ডের সঙ্গে মুকিতের ঝুলন্ত নিথর দেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।






