ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশনের (সাসেক)-২ প্রকল্প কর্তৃপক্ষ ঢাকা-রংপুর মহাসড়কের চলাচলের জন্য মূল ৪ লেন উন্মুক্ত করে দিয়েছে।
শুক্রবার এলেঙ্গা থেকে রংপুরের মর্ডান মোড় পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ ছয় লেন খুলে দেওয়ায় উত্তরের জেলাগুলোর সড়ক যোগাযোগ যাত্রার সময় অন্তত ২ ঘণ্টা কমে আসবে।
শুধু তাই নয়, সড়কপথে আসা যাত্রীরা যানজটের ভোগান্তির শিকার হবে না। ফলে এ অঞ্চলে শিল্প কলকারখানা স্থাপনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। পরিবহণ ব্যবস্থায় বাড়বে গতি।
সাসেক-২ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহসিন হাওলাদার জানান, ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে এমন আশা করা যাচ্ছে। এ সড়ক পথের কাজ সম্পূর্ণ শেষ হলে রংপুর বিভাগের ৮ জেলার সঙ্গে যাত্রী পরিবহণের সময় গড়ে আড়াই ঘণ্টা কমে আসবে।






