ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ এবং ভিকটিম উদ্ধারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি। এ সময় তিনি সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেনিং স্কুলে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের জন্য ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) বিষয়ে বিশেষ প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় উঠে আসে।
ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক অপরাধ তদন্তে কারিগরি সহায়তা, ভিকটিম সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্ত বিষয়ে দুই ঘণ্টাব্যাপী একটি বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






