জাতীয়

চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স: মাঠপর্যায়ে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির

মহাসড়কে চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ, ঈদযাত্রা নিরাপদ করা এবং থানাসেবায় মানবিক আচরণ নিশ্চিতের নির্দেশ

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের জন্য কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি বা আপস বরদাস্ত করা হবে না।

সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপরাধ বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে মাঠে কাজ করতে হবে। প্রয়োজনে টহল বৃদ্ধি, চেকপোস্ট জোরদার এবং গোয়েন্দা নজরদারি আরও কার্যকর করার নির্দেশ দেন তিনি।

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আইজিপি। তিনি বলেন, ঈদের সময় যানজট নিরসনে আগাম প্রস্তুতি নিতে হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং নিরাপদে ফিরে আসতে পারেন।

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আচরণের বিষয়েও কড়া নির্দেশনা দেন পুলিশ প্রধান। তিনি বলেন, থানায় আগত প্রত্যেক নাগরিকের সঙ্গে শালীন ও মানবিক আচরণ করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভা শেষে আইজিপি জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান, পেশাদারিত্ব, সততা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply