জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বানান ভুল: প্রশ্নের মুখে প্রশাসনিক তদারকি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একাধিক বানান ভুল পরিলক্ষিত হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিন স্বাক্ষরিত ওই দৈনিক কর্মসূচিতে “শহীদ” শব্দসহ কয়েকটি স্থানে বানানগত অসঙ্গতি দেখা যায়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রকাশিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিতে এমন ত্রুটি থাকায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে প্রুফরিডিং ও প্রশাসনিক তদারকির মান নিয়ে।
ভাষা আন্দোলনভিত্তিক দিবসের প্রাক্কালে ভাষাগত শুদ্ধতার বিষয়টি আরও বেশি গুরুত্ব পাওয়ার কথা উল্লেখ করে অনেকে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দপ্তরের প্রকাশনায় বানান ভুল থাকা দুঃখজনক। তাদের মতে, প্রকাশের আগে যথাযথ ভাষা সম্পাদনা ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, এটি টাইপিং বা সম্পাদনাজনিত ত্রুটি হতে পারে।
উল্লেখ্য, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ভাষার জন্য আত্মদানকারীদের স্মরণে আয়োজিত কর্মসূচি ঘিরে দেশজুড়ে নানা আয়োজন থাকে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে বানান ভুলের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply