জাতীয়

বিডিপিএফ’র জ্ঞানভিত্তিক উন্নয়নে নতুন দিকনির্দেশনা

বাংলাদেশের শিক্ষা ও গবেষণা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং জ্ঞান-বিজ্ঞানে বৈশ্বিক সম্পৃক্ততা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে চায় বাংলাদেশ ডক্টরেট প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)। এই লক্ষ্য সামনে রেখে সংগঠনটি তাদের পরিচিতি, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডিপিএফ নেতৃবৃন্দ এসব তথ্য জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিডিপিএফ’র কার্যকরী কমিটির সভাপতি ড. মো. মুঞ্জুরে মওলা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির প্রোগ্রাম বিষয়ক কনসালটেন্ট ড. মো. আব্দুল হাই। তিনি বলেন, ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি গবেষক এবং সেখানে স্থায়ীভাবে বসবাসরত পিএইচডি ডিগ্রিধারী পেশাজীবীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা গড়ে তুলতেই এই প্ল্যাটফর্মের যাত্রা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিডিপিএফ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, নিরপেক্ষ ও কমিউনিটি-ভিত্তিক সংগঠন। এর মূল উদ্দেশ্য হলো—ডক্টরেটধারী বাংলাদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, পেশাগত নেটওয়ার্কিং ও মেন্টরশিপ কার্যক্রম জোরদার করা, যাতে তাঁদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তবভাবে কাজে লাগানো যায়।
সংগঠনের সদস্য সচিব ড. জি এম আতিকুর রহমান বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি গবেষকদের জ্ঞান ও গবেষণা ধারাকে দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে একটি দীর্ঘমেয়াদি, কাঠামোবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরিতে বিডিপিএফ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা-পদ্ধতি, গবেষণা দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও উচ্চ দক্ষতা তৈরিতে বিডিপিএফ সক্রিয়ভাবে কাজ করতে চায়।
সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগ, বৈজ্ঞানিক শিক্ষার আধুনিকায়ন, টেকসই উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতাসহ ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিডিপিএফ’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ড. এ কে এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ড. মো. সানাউল হকসহ সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।

Leave a Reply