প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের বিষয়ে কোনো আশঙ্কা কখনোই ছিল না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমরা প্রথম থেকে একই কথা বলে আসছি, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোণা সার্কিট হাউসে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করেন, আমাদের কথার মধ্যে কোনো ব্যত্যয় দেখেছেন? কোনো উপদেষ্টা কি এমন কোনো কথা বলেছেন, নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা আছে? তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং এ নির্বাচন সত্যিকার অর্থে ঠেকানোর শক্তি কারো নেই। যারা যত ষড়যন্ত্রই করুক নির্বাচন ঠিকমতো হবে এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্যা বেস্ট ইলেকশন হবে।
বিএনপি ও জামায়াতের ফোনালাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা এখনো তাদের কাছ থেকে কোনো বক্তব্য শুনিনি। তবে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি, জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হয়েছে, তবে এখনো আমরা বিষয়টি জানি না।
তবে যেহেতু ক্ষমতায় রাজনৈতিক দলগুলো থাকবে, একটা নির্দিষ্ট সময়ের পরে তারাই আবার ক্ষমতায় আসবে, আমরা আশা করি, আগামী ১০০ বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকুক। বাংলাদেশে আগে একটি রাজনৈতিক সমস্যা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেটা থেকে উত্তরণ হবে। বাংলাদেশে গণতন্ত্র একটি শক্ত ভিত্তি পাবে।






