জাতীয়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার আর নেই। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply