ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ। বুধবার রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মে মাসের অপরাধ পর্যালোচনা সভা থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জনগণকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি সদস্যকে দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জাতীয় স্বার্থে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে সফল নির্বাচন উপহার দিতে হবে। শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এই প্রক্রিয়া সফল করতে হবে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত থাকবে।






