সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘ব্যালট প্রকল্প’ এ আর্থিক সহায়তার চুক্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার (১৮ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা ইসির গঠনের পর থেকেই ইউএনডিপির সহায়তা চেয়ে আসছি। তারা প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। ব্যালট প্রজেক্টে মোট ১৮.৫৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় ২ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে।
ইসি সচিব জানান, নির্বাচনের জন্য ১৬টি কমপোন্টেট আছে। এই ১৬টির মধ্যে অর্থায়নের বিষয়ে ইউএনডিপির আলোচনা হয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়ার ২ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি, এই প্রকল্পের ভবিষ্যত অর্থয়ানের জন্য দাতাদের সহযোগিতা পাওয়া যাবে। প্রকল্পটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলে জানান ইসি সচিব।






