জাতীয়

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচে পড়া ভিড়

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন লাখো মানুষ। সেই আনন্দ উদযাপন শেষে এখন কর্মস্থল ঢাকায় ফিরছেন তারা। ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। আগামী রোববার (১৫ জুন) থেকে শুরু সরকারি অফিস।

শনিবার (১৪ জুন) কমলাপুর রেলস্টেশনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে গ্রাম থেকে শহরে ফিরছেন লাখো মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলোয় কিছু শিডিউল বিপর্যয় ঘটলেও বেশিরভাগ ট্রেন কমলাপুরে নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। আজ কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলোয় আজ তিল পরিমাণ ফাঁকা ছিল না। প্রতিটি ট্রেনে যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করছেন। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। স্টেশনে যাত্রীদের টিকিট দেখে দেখে ছাড়া হচ্ছে। কোনো যাত্রী টিকিট ছাড়া হলে তাকে জরিমানা করা হচ্ছে। ফিরতি যাত্রীরা বলছেন, ছুটি শেষ ও ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।

এদিকে আজ ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা চলবে এই সপ্তাহব্যাপী। কারণ বেসরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এখনও বন্ধ রয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। এসব কারণে ঈদে গ্রামে ফেরা অনেকেই একটু লম্বা ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ফেরা মো. আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, আজ ছুটি শেষ, কাল থেকে আবার রুটিন অনুযায়ী চলতে হবে। ঈদের এ কয়টা দিন ভালোই কেটেছে। আসতে সময় লেগেছে। ট্রেনের ভেতরে কোনো ফাঁকা নেই, অনেক গরম।

নিউজ ডেস্ক:

Leave a Reply