জাতীয়

এবার রাজধানীর পশুর হাট গুলো বিএনপি নেতা কর্মীদের দখলে

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশন নগরীতে ২১টি পশুর হাট বসাতে গত মাসের শেষদিকে ইজারা বিজ্ঞপ্তি দেয়। এর মধ্যে জনবহুল স্থানে হওয়ায় দক্ষিণ সিটির আফতাবনগর ও মেরাদিয়া এবং উত্তর সিটির বাড্ডা ও খিলক্ষেতে হাট বসাতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ কারণে উত্তর সিটি আরও দুটি স্থানে হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে শেষ পর্যন্ত দক্ষিণ সিটিতে ৯টি ও উত্তর সিটিতে ১২টি অস্থায়ী পশুর হাট বসতে পারে। এ ছাড়া গাবতলী ও সারুলিয়ায় দুটি স্থায়ী হাটসহ এবার রাজধানীতে পশুর হাট বসতে পারে ২৩টি। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা পলাতক থাকায় এবার অধিকাংশ হাটই যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের হাতে। তবে ঈদের আর ৬ দিন বাকি থাকলেও এখনো অধিকাংশ হাটের ইজারাদার চূড়ান্ত হয়নি। এরই মধ্যে তিনটি অবৈধ হাট বসেছে। আরও তিনটি অবৈধ হাট বসানোর প্রস্তুতি চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, ৯টি হাটের মধ্যে ৫টি হাটের ইজারা প্রক্রিয়ার ৮০ শতাংশ শেষ হয়েছে, কেবল কার্যাদেশ দেওয়া বাকি। বাকি চারটির জন্য দুই দফায় দরপত্র আহ্বান করেও ইজারাদার চূড়ান্ত করা যায়নি। সবশেষ তৃতীয় দফার দরপত্র জমার সময়সীমাও গত বৃহস্পতিবার পার হয়েছে। এই চারটি হাট হলো– দনিয়া কলেজের পাশে খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল হাট, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভে নগর ভবন তালাবদ্ধ থাকায় ইজারা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবি কালবেলাকে বলেন, ‘দ্বিতীয় পর্যায়ের দরপত্রে চারটি হাটের মধ্যে দুটির ইজারামূল্য সরকারি মূল্যের চেয়ে বেশি থাকায় যাচাই-বাছাই কমিটিতে তাদেরই পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দুটি হাটে তৃতীয় পর্যায়ে দরপত্র জমার সময় ২১ মে শেষ হয়েছে। নগর ভবনের কার্যক্রম অচল হয়ে পড়ায় তৃতীয় পর্যায়ের ইজারার নতুন সময়ের দরপত্র আহ্বান করা যাচ্ছে না।’

ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া চলমান প্রশাসনিক অচলাবস্থার কথা স্বীকার করে বলেন, ‘কয়েকদিন ধরে আমরা কোনো সেবা দিতে পারছি না। এমনকি আমাদের ফাইলও দেখতে পারছি না। অবরোধের কারণে, আমরা পশুর হাটের ইজারা চূড়ান্ত করতে বা ওয়ার্ক অর্ডার দিতে পারছি না।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, গত ১৫ মে করপোরেশন এলাকার ৮টি পশুর হাটের প্রথম পর্যায়ের উন্মুক্ত ইজারা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত শনিবার যাচাই-বাছাই শেষে খিলক্ষেত মস্তুল চেকপোস্ট-সংলগ্ন খালি জায়গায় সুরমি এন্টারপ্রাইজের নামে মজিবুল্লা খন্দকার হাটের ইজারা নিয়েছেন। তবে হাটটি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসাইন। আর ঢাকা পলিটেকনিকের খেলার মাঠের হাটটি ডিএসসিসি প্রথমে সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে ৭৭ লাখ টাকা কমে তৃতীয় সর্বোচ্চ দরদাতা এসএফ করপোরেশনকে ইজারা দিতে কার্যাদেশ প্রস্তুত করলেও সমালোচনা মধ্যে হাটটির ইজারা পুনঃবিবেচনা করছে। হাটটি এখন সর্বোচ্চ ২ কোটি ১৭ লাখ টাকায় জায়ান এন্টারপ্রাইজের সত্বাধিকারী যুবদল নেতা মনিরুজ্জামান পাচ্ছেন বলে ডিএনসিসি সূত্র জানিয়েছে। বাকি ছয়টি হাট দ্বিতীয় পর্যায়ের ইজারার জন্য পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply