বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ মে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।
শুক্রবার (৯ মে) একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
এর আগে, গত ২০ এপ্রিল চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকে ঘিরে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন যেকোনও সময় দাখিল করবে প্রসিকিউশন।
তিনি আরো বলেছিলেন, তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে এসব অপরাধ রাষ্ট্রীয় সিদ্ধান্তে, সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ, পুলিশ বাহিনীসহ সকলকে নির্দেশ দিয়েছিলেন।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে।






