ইরানের ভূখণ্ডে যেকোনো আক্রমণের কড়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ কথা জানায় দেশটি। খবর এএফপির।
এর আগে গত রবিবার ইসরায়েলের বেন গুইরিন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির হামলার জন্য ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ আনে ইসরায়েল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।
এই হুমকির প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান আত্মরক্ষার দৃঢ় সংকল্পে জোর দিচ্ছে।
ইরানে হামলা চালালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করার হুমকি দেয় তেহরান।
হুতি ও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অতীতে হুতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পরে এক এক্স বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধেও সময়মতো পদক্ষেপ নেবে ইসরায়েল।






