ফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে মসজিদে হামলা চালিয়ে নামাজরত এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। শনিবার (২৬ এপ্রিল) ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু এ ঘটনার নিন্দা করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু শনিবার বলেছেন, ‘আমরা নিহতের পরিবার ও শোকাহত উপাসকদের পাশে আছি।
তিনি আরো জানান, হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, স্থানীয় সময় সকালবেলায়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব শহরের একটি মসজিদে এক মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। প্রাথমিক অভিযোগে জানা গেছে, হামলাকারী নিজ মোবাইল ফোনে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করেন এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর ভাষায় মন্তব্য করেন।
আঞ্চলিক কৌঁসুলি আবদেলকরিম গ্রিনি শনিবার জানান, হামলাকারী এখনও পলাতক রয়েছেন। একটি সূত্র থেকে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি বসনিয়ান বংশোদ্ভূত এক ফরাসি নাগরিক।
কৌঁসুলি গ্রিনি আরো জানান, হামলাকারীকে ধরতে জোরালো অভিযান চালানো হচ্ছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তদন্তকারীরা বলছেন, তারা এ ঘটনাকে ইসলামবিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে বিবেচনা করছেন।
এদিকে, প্যারিসের গ্র্যান্ড মসজিদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহর ঘর — মসজিদের ভেতরে এই হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য ও অমার্জনীয়।






