যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা ‘শাটডাউন’ এড়াতে গতকাল শুক্রবার বিল পাস করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এক ভোটাভুটিতে অর্থ বিলটি পাস হয়। এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন।
কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাস হওয়ায় (৩৬৬–৩৪ ভোট) আগামী মধ্য–মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের জোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। যদিও এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ রাষ্ট্রীয় অর্থবিলকে (সরকারি ব্যয় প্যাকেজ) অনুমোদন পেতে হবে।
বিলে অনুমোদন দিতে সিনেটের হাতেও বেশি সময় নেই। আজ শনিবার মধ্যরাতের (০৫০০ জিএমটি) মধ্যে এ অনুমোদন দিতে হবে। অন্যথায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হতে শুরু করবে।
প্রতিনিধি পরিষদে গত বৃহস্পতিবার বিলটি পাস হতে ব্যর্থ হলে আজ শনিবার থেকে মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় গতকাল পরিষদে আবার ভোটাভুটি হয়। গতকালের মতো বৃহস্পতিবারের ভোটেও পরিষদের প্রায় সব ডেমোক্র্যাট সদস্য বিলটিকে সমর্থন করেছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত এ অর্থবিল প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়। কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সেদিন পরিষদে আনা এ বিলের বিরুদ্ধে ৩৪ জন রিপাবলিকান আইনপ্রণেতা ভোট দেন। এর মধ্য দিয়ে তাঁরা বিলটি পাসে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেন।
বিলটি পাস হতে ব্যর্থ হলে আজ থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় শাটডাউন এড়াতে গতকাল আবারও ভোটাভুটি হয়। গতকালের মতো বৃহস্পতিবারের ভোটেও প্রতিনিধিদের পরিষদের প্রায় সব ডেমোক্র্যাট সদস্য বিলটিকে সমর্থন করেছিলেন।
যদি সরকারে শাটডাউন হয়-ই, তবে তা বাইডেন প্রশাসনের অধীন এখনই হোক।
ডোনাল্ড ট্রাম্প, নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট
গতকালের ভোটাভুটির পর ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসসদস্য বেনি থম্পসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আজ আমাদের ডেমোক্র্যাট সদস্যরা বিভক্তি নয়; বরং সহযোগিতা করার পক্ষে তাঁদের যে প্রতিশ্রুতি, তা জোরালভাবে রক্ষা করলেন। যুক্তরাষ্ট্রের জনগণ এমন একটি সরকার চায়, যা তাদের জন্য কাজ করবে।’






