অবশেষে বাস্তবে রূপ নিলো ট্রাম্পের বহুদিনের হুমকি— ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় ঠিক রাত ১২টা থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীনের ওপর নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।
কানাডা স্পষ্ট জানিয়ে দিয়েছে—যদি আমেরিকা তাদের পণ্যে শুল্ক আরোপ করে, তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে।
সোমবার দেশটি ঘোষণা করেছে, তারা ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, প্রথম ধাপে কানাডা ৩০ বিলিয়ন ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ করবে, আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের ক্ষেত্রে ২১ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। তার কথায় স্পষ্ট, যতদিন আমেরিকার শুল্ক বহাল থাকবে, ততদিন মার্কিন পণ্যে কানাডার শুল্কও কার্যকর থাকবে।
এর আগেও কানাডা এমন প্রতিক্রিয়া দেখিয়েছে— ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় দেশটি ডলার-ফর-ডলার ভিত্তিতে ১৬.৬ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক বসিয়েছিল।
তবে কানাডার হাতে আরেকটি শক্তিশালী অস্ত্র আছে, যা আমেরিকার জন্য আরও বেশি কষ্টদায়ক হতে পারে— তা হলো জ্বালানির প্রবাহ সীমিত করা। কানাডা যুক্তরাষ্ট্রের প্রধান তেল সরবরাহকারী, পাশাপাশি ৩০ শতাংশ মার্কিন রাজ্যে বিদ্যুৎও সরবরাহ করে। যদি এই খাতেও কোনোও বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে তা আমেরিকার জন্য বড় ধাক্কা হতে পারে।






