আন্তর্জাতিক

সুদানজুড়ে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে সাম্প্রতিক সময়ে ভয়াবহ ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে চিকিৎসা কর্মী ও অধিকার রক্ষা সংগঠনগুলো।

সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে পশ্চিম কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরের একটি পরিবহন কেন্দ্রে, যেখানে বাজার শেষে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। উক্ত ড্রোন হামলায় সরাসরি ৮০ জন নিহত হন এবং আহত ৪৭ জনকে নিকটস্থ আল-মুজলিয়াদ শহরে নেওয়া হলে সেখানে আরও ৩০ জন মারা যান। আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং ইমার্জেন্সি লয়ার্স এই হামলার জন্য সুদান সেনাবাহিনীকেই দায়ী করেছে।

২০২৩ সালের এপ্রিল মাসে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে দ্বন্দ্বের জেরে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

গৃহযুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব দিলেও চীন ও রাশিয়া তাতে আপত্তি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা।

নিউজ ডেস্ক:

Leave a Reply