আন্তর্জাতিক

হুতিদের হামলার মুখে সৌদিতে বড় বিনিয়োগ সম্মেলন স্থগিত

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের বার্ষিক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ স্থগিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রাজধানী রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে রিয়াদে সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ বছরের সম্মেলনটি আগামী বছর অনুষ্ঠিত হবে। নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকার থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আয়োজনটি ছিল সম্মেলনের দশম আসর। তাই যথাযথ পরিসরে আয়োজন, মান বজায় রাখা এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সুইজারল্যান্ডের বার্ষিক সম্মেলনের আদলে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভকে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বলা হয়। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে দেশটির বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই সম্মেলনটির অন্যতম লক্ষ্য।

এবারের সম্মেলনে অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান সমর্থিত হুতিদের সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুতিদের হামলার আশঙ্কার মধ্যে রিয়াদের সরকারি সংস্থাগুলোও কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। একজন সরকারি কর্মী ও দুই পরামর্শক বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

রোববার রিয়াদের একটি সরকারি সংস্থার এক কর্মীকে পাঠানো বার্তায় জানানো হয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে স্বাভাবিকভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কোম্পানিগুলোও কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে বলে জানা গেছে। রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবনের কর্মীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

সূত্র: আল-জাজিরা

নিউজ ডেস্ক:

Leave a Reply