আন্তর্জাতিক

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন কর্মচারী।

মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই এ তথ্য জানায়। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার কক্ষে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে শক্তি জেলার সিংহিতারাই এলাকায় বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার টিউব বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেন। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে বয়লার কক্ষ তাদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক:

Leave a Reply