প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ফয়সাল ইকবাল নামের এক শিক্ষার্থী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা কেউ ক্লাসে যায়নি। আজকেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।
এর আগে বুধবার বিকেলে হামলার প্রতিবাদে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে বের হয়ে এসে ফুলবাড়িগেট মোড়ে সড়ক অবরোধ করে।
উল্লেখ্য, বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তিন দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। দাবির মধ্যে রয়েছে- নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি বিভিন্ন নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
দশম গ্রেডের কারিগরি পদ বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি না থাকলেও ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।






