গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস রেল ক্রসিং এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন ও ৩-৪টি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, ট্রেনটির জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল বলে গতি কম ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুত হওয়ার কারণে রাজবাড়ী সড়কের যান চলাচল বন্ধ রয়েছে এবং ট্রেনটি সরানো না পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।






