দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনির্বাপক সংস্থার বরাতে রয়টার্স বলছে, দুর্ঘটনার সময় জেজু এয়ারের উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
রয়টার্স বলছে স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আগুন নেভানো হয়েছে। এছাড়া বিমানের পেছনের অংশ থেকে দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ দেশটির অগ্নিনির্বাপক সংস্থার বরাতে বলছে, উদ্ধার হওয়া দুইজন ছাড়া উড়োজাহাজটির সব যাত্রী নিহত হয়েছেন।

এই দুর্ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় থাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তাঁর দপ্তর জানিয়েছে। গত শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।






