সৃজিত মুখার্জি আগেই জানিয়েছিলেন তার ‘কিলবিল সোসাইটি’র গল্পের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির জীবনকাহিনির যোগ রয়েছে। মাত্র বাইশ বছর বয়সে নিজেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিকে টাকা দিয়েছিলেন হলিউড অভিনেত্রী। হলিউডের সেই ‘হিটম্যান সাগা’ এবার সৃজিতের ‘কিলবিল সোসাইটি’তে।
মঙ্গলবার ট্রেলার প্রকাশ্যে আসতেই কৌশানী মুখোপাধ্যায়ের চরিত্রের মধ্যে অ্যাঞ্জেলিনার ছায়া দেখা গেল।
পূর্ণা আইচের ভূমিকায় কৌশানী। প্রেমিকের সঙ্গে কাটানো তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পর্নসাইটে ভাইরাল। পারিবারিক অশান্তি তুঙ্গে। সমাজে মুখ দেখানো দায়! এদিকে নির্বিকার প্রেমিক। শেষমেশ নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন পূর্ণা। তবে আত্মহত্যা মহাপাপ ধর্মে সইবে না! তাই ‘কিলবিল সোসাইটি’র দ্বারস্থ হয় সে। নিজেই নিজের নামে ‘সুপারি’ দেয়। ঘটনাচক্রে আলাপ হয় ভাড়াটে খুনি মৃত্যুঞ্জয় করের সঙ্গে। যে চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু সেই পরিচয় পরিণত হয় প্রেমে।
এবার ভাগ্যের চিত্রনাট্যে তাহলে ‘শেষের কবিতা’ লিখবে কে? প্রেম না মৃত্যু? উত্তর পেতে আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে যেতে হবে। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’। ট্রেলারের শেষপাতে ‘হেমলক সোসাইটি’র আইকনিক দৃশ্যের উলাট পুরাণ ঘটিয়েছেন পূর্ণা এবং মৃত্যুঞ্জয়। ট্যুইস্ট সেখানেই।
হেমলক সোসাইটি’র ১৩ বছর বাদে কেমন আছেন আনন্দ কর এবং তার আশেপাশের মানুষেরা? সেই গল্প নিয়েই সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ আসছে। কাস্টিংয়ে নামজাদা তারকাদের ভিড় আর তাদের ফার্স্টলুক আগেই কৌতূহলের পারদ চড়িয়েছিল। এবার রোমাঞ্চকর ট্রেলার, অনুপম রায়ের গান আর রগরগে সংলাপ তার মাত্রা আরও বাড়িয়ে দিল, বললেও অত্যুক্তি হয় না।






