বিনোদন

বিয়ের আসরে শাঁখা-পলায় বধূবেশে নজর কাড়লেন প্রভা

অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নতুন কোনো নাটক বা সিনেমায় তাঁকে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের ভাবনা, ছবি ও ব্যক্তিগত মুহূর্তের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবারও তেমনই কিছু ছবি প্রকাশ করে তৈরি করেছেন কৌতূহল।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে দেখা যায়, বধূবেশে বিয়ের আসরে বসে আছেন তিনি। সনাতন ধর্মের বিয়ের রীতির সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে পুরো আয়োজন। বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে বিয়ের মণ্ডপ। ওপরে টানানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, পাশে রয়েছে কলাগাছ। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণও রাখা হয়েছে সেখানে।

সাদিয়া জাহান প্রভা
লাল শাড়িতে প্রভার সাজেও ছিল বিয়ের আবহ। মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা—সব মিলিয়ে তাঁকে দেখা গেছে একেবারে নববধূর সাজে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা?

যদিও ছবিগুলোর সঙ্গে আয়োজনের বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে ক্যাপশনে তাঁর দেওয়া বক্তব্য থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

সাদিয়া জাহান প্রভা

অভিনেত্রীর এই বক্তব্যে ইঙ্গিত মিলছে, ব্যক্তিগত কোনো আয়োজন নয়, বরং অভিনয়ের প্রয়োজনে বধূর সাজে হাজির হয়েছেন তিনি। তবে এটি কোন নাটক, সিনেমা কিংবা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ের অংশ—তা স্পষ্ট করেননি প্রভা।

এদিকে অভিনয়ে অনিয়মিত হলেও বড় পর্দায় ফেরার প্রস্তুতিতে রয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে দুটি সিনেমায় যুক্ত হওয়ার খবর দেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির উল্লেখযোগ্য অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

অন্য সিনেমাটি ‘দুই পয়সার মানুষ’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। ফলে বধূবেশে প্রভার সাম্প্রতিক উপস্থিতি তাঁর নতুন কোনো সিনেমার শুটিংয়ের অংশ কি না, সেটিই এখন কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply