বিনোদন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের ২১ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। বুধবার (১১ মার্চ) বিকেল পাঁচটার দিকে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান।

কারাগার ফটকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে হিরো আলম দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে পরিকল্পিতভাবে এ মামলা দেয়া হয়েছে। তিনি বলেন, বগুড়া সদর আসনের উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পরই তাকে টার্গেট করা হয়। তিনি আরও বলেন, আগেই জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে আরও এক সপ্তাহ কারাগারে আটকে রাখা হয়।

মুক্তির সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। এ সময় তিনি বর্তমান কারা কর্মকর্তাদের আচরণের প্রশংসা করেন। কারাগারে অবস্থানকালে আলোচিত কয়েকজন বন্দির সঙ্গে দেখা হয়েছে বলেও জানান তিনি।

হিরো আলম বলেন, কারাগারের ভেতরে অনেক মানুষ দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে আটক রয়েছেন। সঠিক তদন্ত ছাড়া দীর্ঘ সময় হাজতে রাখা একটি পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মামলার নথি সূত্রে জানা যায়, এক তরুণীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজ ডেস্ক:

Leave a Reply