বিনোদন

‘চাঁদের আলো’র নির্মাতা মারা গেছেন

ঢালিউডের বহু জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। পরিচালকের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপসচিব অপূর্ব রানা।

রোববার (২৩ নভেম্বর) ভোর চারটায় নির্মাতার মরদেহ তার গ্রামের বাড়ি নাটোরের কালিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। আজ জানাজা শেষ তাকে পারিবারিক করস্থানে দাফন করা হবে।

পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা।

জানা যায়, গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং এর পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহিনিকার, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার এবং অভিনেতা। খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু তার।

পরে একক নির্মাতা হিসেবে শেখ নজরুল ইসলাম নির্মাণ করেন ‘চাবুক’, ‘চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ–শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’, ‘মা বড় না বউ বড়’ ইত্যাদি চলচ্চিত্র।

ষাটের দশকে শেখ নজরুল ইসলাম ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন।

এরপর তাকে দেখা যায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে। জহির রায়হানের অসমাপ্ত ‘লেট দেয়ার বি লাইট’–এ সহকারী হিসেবে কাজ করেন; একটি চরিত্রে অভিনয়ও করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply