গত বছর শোনা গিয়েছিল মেগাস্টার শাকিব খান বিয়ে করতে যাচ্ছেন। গুঞ্জন উঠেছিল ডাক্তার পাত্রীকে বিয়ে করবেন তিনি। তখন সবাই সন্দেহের তীর তুলেছিলেন অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের দিকে। এরপর নতুন নতুন ছবিতে ডুবে যান শাকিব। বিয়ের সেই গুঞ্জনও থেমে যায়। এবার মিষ্টি আবারও সেই গুঞ্জনে দোলা দিলেন ফেসবুকে কিছু ছবি পোস্ট করে।
বিষয়টি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েন মিষ্টি। গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন তিনি। তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা। খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই বলে দেবে সব।
সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতকে। রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, ‘লাভ লাভ’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্যঘরে সম্পর্কের হিসাব মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।






