দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।
মঙ্গলবার (১৩ মে) ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয় এবারের ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর আসর। এ আসরে জয়ী হয়েছে গিগাবাইট টাইটানস। এই দলে খেলছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। দলটির মেন্টর ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।






