বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার (১৩ মে) ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। উৎসবের আমেজে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এ আয়োজন।
উৎসবের আয়োজকরা জানিয়েছেন, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ফরাসি আইন অনুযায়ী শালীনতা বজায় রাখা এবং অতিথিদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন পোশাক পরিহার করা।
এবারের কান উৎসবে নারীদের জন্য দীর্ঘ গাউন, ককটেল ড্রেস, বা টেইলার্ড প্যান্টসুট এবং পুরুষদের জন্য ডার্ক স্যুট ও বো টাই অনুমোদন দেওয়া হয়েছে। এলিগ্যান্ট জুতা বা স্যান্ডেল, হিল সহ বা হিল ছাড়া জুতাও পরতে পারবেন আমন্ত্রিতরা। তবে স্নিকার্স নয়।
এর আগেও কান উৎসবে পোশাকসংক্রান্ত বিতর্ক সৃষ্টি হয়েছিল। ২০১৫ সালে সমতল জুতা পরার কারণে কিছু নারী অতিথিকে রেড কার্পেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎসবে পোশাক বিতর্কের কারণে নতুন করে ভাবতে বাধ্য হন কান কর্তৃপক্ষ। ২০২২ সালে একটি টপলেস প্রতিবাদ এবং ২০২৫ সালের গ্র্যামিতে বিয়াঙ্কা সেনসোরির ট্রান্সপারেন্ট পোশাকের বিতর্ক বেশ আলোড়ন ফেলেছিল। এ কারণে এবার কান কর্তৃপক্ষও পোশাকের ব্যাপারে সচেতনতা অবলম্বন করছে।
এদিকে এই নতুন নিয়ম ফ্যাশন ডিজাইনার এবং স্টাইলিস্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এই পরিবর্তন সৃজনশীলতা সীমিত করতে পারে। তবে, আয়োজকরা জানিয়েছেন যে এই নিয়মের উদ্দেশ্য ফ্যাশন নিয়ন্ত্রণ নয়, বরং শালীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা ।






