শিক্ষা

জবি আইইআর শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে মতবিনিময়

​প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE) পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থীরা। ‘নন-ফরমাল অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন’ কোর্সের অংশ হিসেবে বিএড ৯ম ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৯তম আবর্তন) কোর্স শিক্ষক মো. মতিয়ার রহমানের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ শিক্ষামূলক সফর অনুষ্ঠিত হয়।

​পরিদর্শনকালে শিক্ষার্থীরা ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে ব্যুরোর চলমান কার্যক্রমের পাশাপাশি এ খাতে শিক্ষার্থীদের কাজের সুযোগ ও বিভিন্ন গঠনমূলক প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

​সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক (প্রশাসন ও অর্থ) দেবব্রত চক্রবর্তী (যুগ্মসচিব) শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি ব্যুরোর চলমান প্রকল্পগুলোতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী বা খণ্ডকালীন কাজের সুযোগের বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। পাশাপাশি জবির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং ব্যুরোর বিভিন্ন প্রকল্পে আইইআর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চুক্তিভিত্তিক নিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করার আশ্বাস দেন।

​কোর্স শিক্ষক ও আইইআর প্রভাষক মো. মতিয়ার রহমান বলেন, “উচ্চশিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতা অর্জনে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ফিল্ড ভিজিট অত্যন্ত কার্যকর। এতে শ্রেণিকক্ষের পাঠ্য ও নীতিমালার সঙ্গে বাস্তব রূপায়ণের সংযোগ ঘটে যা শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ও পেশাগত যোগ্যতা বিকাশে সহায়তা করে।”

​বাস্তবমুখী ও সময়োপযোগী এই আয়োজনের জন্য শিক্ষার্থীরা কোর্স শিক্ষক ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা জানান।

নিউজ ডেস্ক:

Leave a Reply