শিক্ষা

রাকসু’র ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসিন খান। শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে সাইবার বুলিংয়ের শঙ্কায়ও আছেন তিনি।

তাসিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাকসুর ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪ দফা নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো নারী প্রার্থী কখনো ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

প্রার্থিতা নিয়ে নিজের সিদ্ধান্ত সম্পর্কে তাসিন বলেন, “৫ আগস্টের পর রাকসু নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলে তখনই দাঁড়ানোর চিন্তা করি। পরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিই— আমি ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করব।”

রাকসুকে ঘিরে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। আমি চাই এমন একটি রাকসু গড়ে উঠুক, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব এবং মানবিক মূল্যবোধ থাকবে প্রতিদিনের চর্চায়। দীর্ঘদিন ধরে অচল থাকা এই প্ল্যাটফর্মকে সক্রিয় ও কার্যকর করাই হবে আমার মূল লক্ষ্য।”

জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা স্মরণ করে তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সময় ভেবেছিলাম হয়তো আর স্বাভাবিক জীবনে ফেরা হবে না। তখন মৃত্যুকেও খুব কাছ থেকে দেখেছি। কিন্তু আজ বেঁচে থাকার এই সময়টা আমার কাছে বোনাস। তাই আমার কোনো ভয় নেই, নেই কোনো প্রাপ্তির লোভও।”

তবে সম্ভাব্য চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তার আশঙ্কা, “রাকসু নির্বাচনে ভিপি পদটি অনেক ক্ষমতাধর। এ কারণে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হতে পারে। পাশাপাশি সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন কিংবা ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।”

তাসিন আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি এন্টি সাইবার বুলিং সেল গঠনের আশ্বাস দিলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে নির্বাচনে অংশ নিলে তিনি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply