বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ।
গতকাল সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয় এবং রাত ১১টা ৩০ মিনিটে তারা আমরণ অনশনে বসেন।
একাধিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটিতে রাত ১০টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনরত নেতা সুজয় শুভ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ‘যতক্ষণ না আমাদের প্রাণের দাবি- উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগ পূরণ হচ্ছে, ততক্ষণ আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসে থাকবে। প্রয়োজনে প্রাণের বিনিময়েও আমরা এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করব।
অনশনরত শিক্ষার্থী এনামুল হক বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে আমাদের বর্তমান উপাচার্য জুলাইপন্থী শক্তিকে কোনঠাসা করছেন এবং যারা নৌকার কর্মী, তাদের তিনি বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্ন সময়ে দফায় দফায় দাবি জানিয়ে আসছিলাম।
আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও তাদের এ কর্মসূচি চলমান রয়েছে। ইতিমধ্যে, আন্দোলনে সংহতি জানানো শিক্ষকদের একটি অংশ তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি থেকে তারা উঠবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।






