দেশের বাজারে আবারও রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ৪ হাজার ৭১৩ টাকা। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা টাকায়। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এর আগে ১৯ এপ্রিল সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
দাম বাড়ানোর ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।






