অর্থনীতিরাজধানী

বাংলাদেশ কৃষি ব্যাংকে বেতন কমিশন বাস্তবায়ন দাবি: মতিঝিলে বিক্ষোভ

জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কৃষি ব্যাংকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংক ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫–এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “সরকারি কর্মচারীদের ন্যায্য মর্যাদা, জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

৫ দফা প্রধান দাবি

১. জাতীয় বেতন কমিশনের রিপোর্ট দ্রুত প্রকাশ ও বাস্তবায়ন
২. ন্যায্য গ্রেড নির্ধারণ ও বৈষম্য দূরীকরণ
৩. পেনশন সুবিধা যুগোপযোগী করা
৪. পদোন্নতি সংশ্লিষ্ট জটিলতা দূর করা
৫. ভাতা কাঠামো বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য করা

সভায় জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের পরিকল্পনার কথাও নেতৃবৃন্দ উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের মহাসচিব বদরুল আলম সবুজ, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আওয়াল ও জিল্লুর রহমান খান , কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের সমন্বয়ক কৃষিবিদ লিয়াকত হোসেন, কৃষি ব্যাংক উইমেন্স ফোরামের সভাপতি তাসলিমা আক্তার লিনা, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, এছাড়াও বিভিন্ন শাখার কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যত আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন।

Leave a Reply